
শাপলানিউজ.কম
ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬
রাজধানী ঢাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় বড় ধরনের অভিযান চালিয়েছে। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি মিরপুর বিভাগে ১০৩ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, উত্তরা বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ৫০ জন, গুলশান বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, রমনা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২৪ জন রয়েছেন বলে ডিএমপি জানিয়েছে। রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো নাশকতার ঘটনা ঠেকাতে পুলিশ ব্লক রেইড ও চিরুনি অভিযান চালাচ্ছে। পুলিশের দাবি, নাশকতায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে এবং টহল ও তল্লাশি চৌকির কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২টি হাতবোমা, ৮টি ছুরি, ২টি চাপাতি, ১টি রামদা, ১টি অটোরিকশা, ১১১টি মোবাইল ফোন, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা এবং ৫ বোতল দেশি মদ। এছাড়া অভিযানকালে ১ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ডেমরার কোনাপাড়া এলাকায় ডিবি পুলিশের পৃথক অভিযানে নাশকতার চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪ বোতল পেট্রোল ও ২টি স্থানীয়ভাবে তৈরি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬