
শাপলানিউজ.কম
ঢাকা প্রতিনিধি
ঢাকা | ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ২৪ ঘণ্টায় বড় ধরনের অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
আজ রবিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি জানান, গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি মিরপুর বিভাগে ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৭১ জন, লালবাগ বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, রমনা বিভাগে ৪০ জন, গুলশান বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশের হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আলামত উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, ২টি চাকু, ৭টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল। পুলিশ বলছে, গ্রেপ্তারদের মধ্যে অনেকেই মাদক ব্যবসা, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
এছাড়া আলাদা অভিযানে লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে গভীর রাতে যুবলীগের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাসুম (৪৪) ও হৃদয় হাসান (২৪)। ডিএমপি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে এই অভিযান চালানো হয়।
অন্যদিকে আজিমপুর এলাকায় গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীতে অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছে ডিএমপি।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬