শিরোনাম:
ঢাকা, ১২ নভেম্বর (বৃহস্পতিবার)
রাজধানীর বাজারে আজ মিশ্র চিত্র দেখা গেছে। শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে, এতে সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে অন্যদিকে চাল, জিরা, এলাচ আর আদার দাম বেড়ে যাওয়ায় বাজারে এখনো চাপ রয়ে গেছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর ও শ্যামলী বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজিতে বাজার ভরে গেছে। খুচরা বাজারে শিম বিক্রি হচ্ছে কেজি ৫০ থেকে ৭০ টাকায়, পটল, মুলা ও ঢ্যাঁড়স ৪০ থেকে ৫০ টাকায়, উচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ২৫ থেকে ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। কাঁচামরিচ কেজি ৭০ থেকে ১২০ টাকা। তবে লম্বা বেগুন এখনো চড়া, ৬০ থেকে ৮০ টাকা কেজি।
সবজির দাম কমায় ডিম ও মুরগির বাজারও স্থিতিশীল আছে। ফার্মের ডিম ডজন ১২৫ থেকে ১৩৫ টাকায়, ব্রয়লার মুরগি কেজি ১৭০ থেকে ১৮৫ টাকায় এবং সোনালি মুরগি ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে মসলার বাজারে উল্টো চিত্র। দুই সপ্তাহে জিরার কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৬০০ টাকায়। এলাচের দাম বেড়েছে সবচেয়ে বেশি, কেজিতে প্রায় ৩০০ টাকা বেড়ে এখন ৪,৬০০ থেকে ৫,৫০০ টাকা। লবঙ্গ ১,৪০০ থেকে ১,৫০০ টাকা, দেশি আদা ১২০ থেকে ১৫০ টাকা এবং আমদানি করা আদা ১৬০ থেকে ২০০ টাকা কেজি। পেঁয়াজের দামে তেমন পরিবর্তন নেই, ৪০ থেকে ৬০ টাকা কেজি।
চালের বাজারেও কিছুটা বাড়তি। সরু চাল কেজি ৭০ থেকে ৮৫ টাকা, মাঝারি চাল ৫৫ থেকে ৬৪ টাকা। মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকায় অপরিবর্তিত আছে। ছোলার দামও বেড়ে কেজি ১০০ থেকে ১২০ টাকা হয়েছে।
ক্রেতারা বলছেন, শীতের সবজি কমায় কিছুটা স্বস্তি মিললেও চাল আর মসলার দাম না কমলে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরায় এর প্রভাব পড়ছে। f43a
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬