
শাপলানিউজ.কম
*ঢাকা, ৮ নভেম্বর (রোববার):*
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের গেটের কাছে আরেকটি বিস্ফোরণ ঘটে। এরপর কয়েক মিনিটের ব্যবধানে ভিসি চত্বর, সিনেট ভবনের সামনে, প্রশাসনিক ভবনের পাশে, মুক্তি ও গণতন্ত্র তোরণ, ডাকসু ভবনের সামনে ও জগন্নাথ হলের গেট এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ক্যাম্পাসে ৮ থেকে ৯টি ককটেল ফাটানো হয়েছে। তিনি বলেন, ককটেলগুলো সংঘবদ্ধভাবে ফাটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা হলেন নাটোরের গুরুদাসপুরের মো. রেজাউল করিম (৪২), রাজশাহীর পুঠিয়ার মো. সোহেল রানা (৩৩) ও গোপালগঞ্জের কোটালীপাড়ার নাজমুস সাদ (৩৩)।
শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণের পরপরই শিক্ষার্থীরা দুজনকে আটক করেন। পরে আরও একজনকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের পর ক্যাম্পাসে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একই সন্ধ্যায় মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনের সড়কেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কেউ হতাহত হননি।
কারা, কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬