
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তেহরান এমন একটি চুক্তি করতে চাইছে যার মাধ্যমে তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেবে, কারণ তারা 'খুব বাজেভাবে হারছে'।
ট্রাম্পের মন্তব্যের বিষয়ে এক টেলিগ্রাম পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তেহরান মধ্যস্থতাকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক জবাবের জন্য অপেক্ষা করবে।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘে সাংবাদিকদের আরাঘচি বলেছিলেন, 'প্রয়োজনীয় শর্ত পূরণ হলে' একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব এবং এসব শর্ত দুই দেশের মধ্যে জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখ আছে।
হরমুজ প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ গ্যাস ও তেল সরবরাহ পরিবহন করা হয়। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এ জলপথ কার্যত বন্ধ রয়েছে।
শনিবার ট্রাম্প বলেন, 'আমি তাদের চুক্তি প্রত্যাখ্যান করছি'।
তার দাবি, যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই হরমুজের ওপর 'সম্পূর্ণ নিয়ন্ত্রণ' রয়েছে এবং 'বিপুল পরিমাণ তেল' এর মধ্য দিয়ে যাচ্ছে।
"তারা একটি চুক্তি করতে চায় এবং আমি মনে করি সেটা ভালো। আমিও চুক্তি করতে পছন্দ করি। কিন্তু সেই চুক্তি (ইরানের দেওয়া প্রস্তাবের দিকে ইঙ্গিত করে) গ্রহণযোগ্য হবে না," বলেছেন তিনি।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬