প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:১১ পি.এম
রাজধানীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী সিগারেট জব্দ

রাজধানীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী সিগারেট জব্দ
শাপলানিউজ.কম
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে দুইটি আবাসিক ভবনের গোপন গুদামে অভিযান চালিয়ে ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা এবং মূসক, সম্পূরক শুল্ক ও সারচার্জ বাবদ সরকারের রাজস্ব প্রায় ৩০ লাখ টাকা।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলীর পিসি কালচার হাউজিং ও মোহাম্মদপুরের জয়েন্ট কোয়ার্টার এলাকায় অভিযান চালানো হয়। সকাল ১১টার দিকে দুটি দল একযোগে দুই ভবনে অভিযান শুরু করে।
অভিযানকালে গুদাম দুটি বন্ধ পাওয়া যায়। পরে ভবনের দারোয়ানের সহায়তায় গোপন গুদাম শনাক্ত করা হয়। গুদাম মালিককে না পেয়ে ভবন মালিকের সহায়তায় বাইরে থেকে মিস্ত্রি এনে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গোয়েন্দা দল। সেখানে বস্তাভর্তি বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাওয়া যায়।
একটি গুদাম থেকে প্যাট্রন ন্যানো ২ লাখ ২ হাজার ২০০, মন্ড স্ট্রবেরি ১০ হাজার, মন্ড সিলভার ১৬ হাজার ৬০০ এবং ওরিস ন্যানো ২৬ হাজার ৪০০ শলাকা উদ্ধার করা হয়। অপর গুদাম থেকে অরবিট, মন্ড, প্যাট্রন ও ওরিস ব্র্যান্ডের ৬১ হাজার ২০০ শলাকা সিগারেট পাওয়া যায়।
গোয়েন্দা দল স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারে, দুটি গুদামের ঠিকানা আলাদা হলেও প্রকৃত মালিক একই ব্যক্তি। তিনি ডিলারশিপ ব্যবসার কথা বলে গুদাম দুটি ভাড়া নিয়েছিলেন।
দারোয়ানের ভাষ্য, সাধারণত রাতের বেলায় সেখানে মালামাল আনা হতো এবং কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন স্থানে পাঠানো হতো।গুদাম মালিকের অবৈধ ব্যবসার বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছেন ভবন মালিকরা। ভবিষ্যতে গুদাম ভাড়া দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আশ্বাসও দিয়েছেন তারা। উদ্ধার করা সিগারেট অবৈধ হওয়ায় জব্দ করে নিকটস্থ কাস্টমস গুদামে রাখা হয়েছে। পূর্বানুমতি ও বিধি নির্ধারিত পদ্ধতি ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না।
তাই পরবর্তী সময়ে বিধি অনুযায়ী এসব সিগারেট ধ্বংস করা হবে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার সহযোগিতায় চোরাচালান চক্রটিকে শনাক্ত ও আটকের প্রচেষ্টা চলছে। চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধভাবে বিদেশি নকল সিগারেট সরবরাহ করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সরকারি রাজস্ব সুরক্ষা এবং তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬