Logo
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:৫৫ এ.এম

আজ ৩০ মিনিট বন্ধ রাখা হয়েছিল এনটিভিসহ চার টেলিভিশনের সম্প্রচার

ফিরে দেখা ২২ জুলাই, ২০২৪

আজ ৩০ মিনিট বন্ধ রাখা হয়েছিল এনটিভিসহ চার টেলিভিশনের সম্প্রচার

 

শাপলানিউজ.কম
২২ জুলাই ২০২৬

স্বৈরাচার শেখ হাসিনা সরকার ২০২৪ সালের আজকের (২২ জুলাই) দিনে এনটিভিসহ চারটি বেসরকারি টেলিভিশনের সম্প্রচার ৩০ মিনিট বন্ধ করে দিয়েছিল। ২০২৪ সালের ২২ জুলাই দেশজুড়ে একটানা তৃতীয় দিনের মতো জারি ছিল কঠোর কারফিউ। চারদিন ধরে সম্পূর্ণ বন্ধ দেশের ইন্টারনেট যোগাযোগ।

ইন্টারনেট সেবা বন্ধ থাকায় মানুষের চোখ ছিল টেলিভিশনে। জনতা যাতে সঠিক তথ্য না পায় সেজন্য স্বৈরাচার সরকার এদিন দুপুর ২টার সংবাদের আগে দ্বিতীয় বারের মতো ৩০ মিনিট সম্প্রচার বন্ধ করে দেয় এনটিভি, বাংলাভিশন, চ্যানেল টোয়েন্টিফোর ও দেশ টিভির।

এই দিনে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন স্বৈরচার সরকার। তবে তাতেও থামেনি ইন্টারনেট বিচ্ছিন্ন অবরুদ্ধ বাংলাদেশের গণঅভ্যুত্থানমুখী আন্দোলন। কিন্তু ততক্ষণে আন্দোলন আর কোটায় থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও নিহতের সংখ্যার নিচে চাপা পড়ে যায় কোটা সংস্কার। ব্লক রেইডে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ প্রায় এক হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়। এদিন মৃত্যু হয় অন্তত আরও ৫ বিক্ষোভকারীর।

কারফিউয়ের কারণে প্রধান সড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে শহরের অলি-গলিতে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আন্দোলন নিয়ন্ত্রণে আরও কঠোর অ্যাকশনে যাওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা।

 

জুলাই গণঅভ্যুত্থান ফিরে দেখা ২০২৪ এনটিভি টেলিভিশন সম্প্রচার বন্ধ


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন