ডিএসইতে ৫০ মিনিটে লেনদেন ৩৭৮ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (১৪ জুলাই) সব ধরনের মূল্যসূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিটে, অর্থাৎ সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৭৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৫ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৫০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৮ দশমিক ১৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮৮৪ দশমিক ৭৪ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক চার দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০১ দশমিক ৭৫ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২০ দশমিক ৫৭ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩১টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার দর।
এ সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা লাভেলো আইসক্রিমের ২২ কোটি ৮৮ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৭ কোটি ৫৩ লাখ টাকা, আমান ফিডের ১৩ কোটি ১৮ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১০ কোটি ১৭ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের আট কোটি ২৩ লাখ টাকা, সিমটেক্সের সাত কোটি ৪৬ লাখ টাকা, ন্যাশনাল ফিডের সাত কোটি ৩৯ লাখ টাকা এবং আইপিডিসি ফাইন্যান্সের ছয় কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
