মিসরের বিপক্ষে ম্যাচের আগে যে কারণে সতর্ক আর্জেন্টিনা
২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পরই ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। সেই স্মৃতি ফিরিয়ে আনল ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই। জয় পেলেও মিসরের বিপক্ষে ম্যাচের আগে যেন তা নতুন করে সতর্ক করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচজুড়ে ছিল চাপ, লড়াই আর অনিশ্চয়তা। নবাগত কেপ ভার্দে দুইবার সমতায় ফিরে এসে চ্যাম্পিয়নদের কাঁপিয়ে দেয়।
গ্রুপ পর্বে টানা তিন জয়ে দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে সহজেই নকআউটে ওঠে তারা। কিন্তু কেপ ভার্দের বিপক্ষে সেই ছন্দ আর দেখা যায়নি। রক্ষণভাগে ফাঁকফোকড় এবং মাঝমাঠে সমন্বয়ের অভাব চোখে পড়ে।
প্রথমার্ধে দলের হয়ে বিশ্বকাপে নিজের ২০তম গোল করেন লিওনেল মেসি। এরপর ইনজুরি কাটিয়ে ফেরা লিসান্দ্রো মার্টিনেজ করেন দ্বিতীয় গোল। কিন্তু কেপ ভার্দে হাল ছাড়েনি, বারবার আক্রমণে উঠে এসে ম্যাচে সমতা ফেরায়।
শেষদিকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড প্রতিপক্ষ ডিফেন্ডার ডিনি বোর্গেসের গায়ে লেগে জালে জড়ালে জয়সূচক গোল পায় আর্জেন্টিনা। তাতেই স্বস্তি ফেরে দলটির শিবিরে।
ম্যাচ শেষে মেসি জানান, প্রতিপক্ষের চাপে ছিলেন তারা। রক্ষণ ও আক্রমণের লাইনের মাঝে দূরত্ব বেড়ে যাওয়ায় খেলায় নিয়ন্ত্রণ হারায় দল।
কোচ লিওনেল স্কালোনিও স্বীকার করেছেন, এটি দলের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। তার মতে, বিশ্বকাপে কোনো ম্যাচ সহজ নয় এবং কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মানসিকতাই বড় বিষয়।
গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষ পাওয়ায় আর্জেন্টিনার আসল পরীক্ষা হয়নি। কেপ ভার্দে সেই বাস্তবতা সামনে এনে দিয়েছে।
শেষ ষোলোর মঞ্চে আগামী ম্যাচে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে রক্ষণভাগের ভুল শুধরে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
