আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
shaplanews.com
ভৌগোলিক দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটার। ভাষা, সংস্কৃতি কিংবা জীবনযাত্রায় নেই কোনো মিল। তবু ফুটবল বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা আর বাংলাদেশের মধ্যে গড়ে ওঠে এক অনন্য আবেগের সেতুবন্ধন। লিওনেল মেসি ও আলবিসেলেস্তেদের প্রতি বাংলাদেশের মানুষের নিঃশর্ত ভালোবাসা আবারও মুগ্ধ করেছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপজুড়ে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস এখন দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষভাবে উঠে আসছে।
বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের শহর থেকে গ্রাম- সবখানেই দেখা গেছে আকাশী-সাদা পতাকার ছড়াছড়ি। বাড়ির ছাদে বিশাল আর্জেন্টিনার পতাকা, দেয়ালে প্রিয় ফুটবলারের ছবি, আর দলের জয়ে মধ্যরাতে হাজারো সমর্থকের বিজয় মিছিল— এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে।
আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল লা নাসিওন মাস বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ ফুটবল সমর্থক আর্জেন্টিনাকে সমর্থন করেন।
দেশটির আরেক টেলিভিশন চ্যানেল ৮ মার দেল প্লাতা বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসের একটি ভিডিও প্রকাশ করে লিখেছে, মেসির গোলগুলো এভাবেই উদযাপন করেছে বাংলাদেশ।
জনপ্রিয় সংবাদমাধ্যম এ২৪-ও বাংলাদেশকে নিয়ে আলাদা প্রতিবেদন করেছে। তাদের প্রতিবেদনে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের অসাধারণ আবেগ ও উদযাপনের চিত্র তুলে ধরা হয়েছে।
এ ছাড়া আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান টেলিনুয়েভে শিরোনাম করেছে, ‘বাংলাদেশ সবসময় আর্জেন্টিনার সঙ্গে।’ দেশটির আরেক শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশি সমর্থকদের উন্মাদনাকে ‘অবিশ্বাস্য’ এবং ‘আবেগঘন’ বলে বর্ণনা করেছে।
শুধু আর্জেন্টিনার সংবাদমাধ্যমই নয়, বাংলাদেশের ফুটবল-প্রেম আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি, পাশাপাশি বিবিসি এবং দ্য গার্ডিয়ানের মতো গণমাধ্যমও বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
এদিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের দর্শকদের উদযাপনের ভিডিও প্রকাশ করেছে। ফিফা বাংলাদেশের এই উচ্ছ্বাসকে ফুটবলের বৈশ্বিক জনপ্রিয়তা ও আবেগের অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরেছে।
ফুটবল মাঠে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব থাকলেও আবেগে বাংলাদেশ যেন আর্জেন্টিনার সবচেয়ে কাছের দেশগুলোর একটি। আর সেই ভালোবাসাই এবার বিশ্বমঞ্চে আবারও এনে দিয়েছে বাংলাদেশের নাম।
