ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন, দুই লাখ টাকা জরিমানা
ঢাকা জেলার দোহার উপজেলার একটি গ্রামের ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার (১৬ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ইকবাল শেখ। তিনি ঢাকার দোহার উপজেলার ডাইয়া গজারিয়া গ্রামের বাসিন্দা।
ট্রাইব্যুনাল ইকবাল হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও চার মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। জরিমানার টাকা আদায় হলে ওই টাকা ভিকটিম পাবে বলে রায়ে বলা হয়।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মেহদী-আল-শামীম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচারক রায়ে উল্লেখ করেছেন, আসামির বিরুদ্ধে সাক্ষীরা সাক্ষ্য দিয়ে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছেন। এ কারণে আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এদিকে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়ে ট্রাইব্যুনাল রায় উল্লেখ করেছেন, আসামি গ্রেপ্তার হওয়ার পর অথবা দেশের কোনো আদালত বা ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পর এ রায় কার্যকর হবে।
মামলার এজাহার থেকে জানা গেছে , ভুক্তভোগী কিশোরীর মা একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। ২০১৬ সালের ৫ আগস্ট দুপুর ২টার সময় ভিকটিমের মা রান্না করছিলেন। ভিকটিম ওই বাড়ির একটি ঘরে অন্য কাজ করছিল। আসামি ইকবাল (৪৮) ওই ঘরে ঢুকে ১৩ বছরের কিশোরীকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় পরদিন ৬ আগস্ট দোহার থানায় ভিকটিমের মা মামলা করেন। পরে মামলা তদন্ত শেষে দোহার থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল গনি ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন।
