মৌসুমি বায়ু দেরিতে এলেও ইতিমধ্যে দেশের প্রায় সবখানে ছড়িয়ে পড়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, এ বায়ুর বেশি সক্রিয় হতে সময় লাগবে। তবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে যে বৃষ্টি শুরু হয়েছে, তা চলবে কয়েক দিন। আজ শুক্রবারও দেশের চার বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। আজ রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস সূত্র।
চলতি মাসের শুরুতে দেশজুড়ে প্রচণ্ড গরম ছিল। এক দিন দেশের ৪৮ জেলায় তাপপ্রবাহ বয়ে গিয়েছিল। চলতি বছর এ অবস্থা হয়নি। তবে সপ্তাহের শেষ দিক থেকে তাপমাত্রা কমতে থাকে। অন্তত তাপপ্রবাহ চলে যায়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, দেশজুড়ে মৌসুমি বায়ুর বিস্তার ঘটলেও এখনই যে টানা বৃষ্টি হবে, এমনটা নয়। তবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
আজ দেশের চার বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই বিভাগগুলো হলো রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট। আর ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস আছে।
গতকাল বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। এর মধ্যে রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হয়েছে। গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় খুলনায়, ৭২ মিলিমিটার। এই পরিমাণ বৃষ্টি ভারী বৃষ্টি বলেই গণ্য হয়।
গতকাল রংপুর বিভাগের প্রতিটি স্টেশনেই বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় কুড়িগ্রামের রাজারহাটে, ৪৮ মিলিমিটার।
আজ রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেন, বৃষ্টি বিকেলের পর বা সন্ধ্যার দিকে হওয়ার সম্ভাবনা আছে।
গতকাল রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টি কম হলেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল।
