
শাপলানিউজ.কম
প্রকাশ: ১০ জুন ২০২৬
স্থান নির্ধারণ নিয়ে সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরী ও কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর ভিন্নমত থাকায় বিষয়টি গড়িয়েছে মন্ত্রণালয় পর্যন্ত। এতে অনিশ্চয়তায় পড়েছে ১২৫ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ১৫ তলাবিশিষ্ট কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নতুন ভবনের নির্মাণকাজ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অদূরে নগরীর ছোট ধর্মপুর এলাকায় নতুন নগর ভবন নির্মাণ করতে চান সদরের এমপি। আর বর্তমান স্থানেই নতুন ভবনটি নির্মাণ করতে চান কুসিক প্রশাসক। এ নিয়ে স্থানীয় সরকার বিভাগে টেন্ডার কাজ বন্ধ রাখতে ডিও লেটার দেন এমপি। এমপি ও কুসিক প্রশাসকের মুখোমুখি এ অবস্থানের কারণে মন্ত্রণালয় থেকে দরপত্র কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ আসে।
গতকাল মঙ্গলবার সকালে নতুন ভবনের স্থান ও জনমত যাচাই করতে কুমিল্লা আসেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম। কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সভা হয়। সভায় মো. রবিউল ইসলাম কুমিল্লা নগরের বিভিন্ন মহলের বক্তব্য রেকর্ড করেন।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞা পুরোনো স্থানে নতুন নগর ভবন নির্মাণের প্রেক্ষাপট তুলে ধরেন। বর্তমান স্থানে নতুন নগর ভবন নির্মাণ নিয়ে মতামত দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খানসহ নগরীর নানা শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অন্যদিকে স্থানীয় এমপির পক্ষে নগরীর ছোট ধর্মপুর এলাকায় নগর ভবন স্থাপনের পক্ষে মত দিয়েছেন সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দুটি স্থানই দেখেছি। উপস্থিত সবার বক্তব্য লিপিবদ্ধ করেছি। লিখিত নিয়েছি। সবার মতামত আমি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাব। আশা করি, এই নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে যে জটিলতা দেখা দিয়েছে, তা সহসাই নিরসন হয়ে যাবে।’
গত ১৮ মে ১২৫ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নগর ভবন নির্মাণের দরপত্র আহ্বান করেন কুসিকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞা। তিনি বলেন, ‘নতুন ভবন ১৫ তলা ফাউন্ডেশন হবে। এখন ৯ তলা পর্যন্ত হবে। আগামী ১৭ জুন বিকেল ৫টা পর্যন্ত দরপত্র কেনাবেচার সময় নির্ধারণ ছিল। আগামী ১৮ জুন দুপুর ১২টায় দরপত্র খোলার কথা ছিল। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক টেন্ডার কাজ সম্পন্ন হবে।’
৪ জুন স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে নতুন ভবন নির্মাণের তথ্য ও স্থান নির্ধারণ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের চূড়ান্ত মতামত না পাওয়া পর্যন্ত নতুন ভবন নির্মাণের টেন্ডার কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
বিএনপিদলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে কিছু না জানিয়ে নগর ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। আগের কাউন্সিলররাও বর্তমান স্থানে নগর ভবন নির্মাণ নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে আমি মন্ত্রণালয়ে ডিও লেটার দেই। কুমিল্লা সিটি করপোরেশনের চূড়ান্ত সীমানা নির্ধারণ ও নির্বাচিত মেয়র না আসা পর্যন্ত নতুন নগর ভবন নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার জন্য আমি বলেছি।’
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপু রাতে সমকালকে বলেন, ‘এ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শুরুই করা যায়নি। তাই সময় বাড়িয়ে ২০২৭ সাল করা হয়েছে। কিন্তু স্থানীয় সংসদ সদস্য ডিও লেটার দিয়ে নগর ভবন নির্মাণ কাজের দরপত্র প্রক্রিয়া স্থগিত করায় কাজ বিলম্বিত হচ্ছে। এতে প্রকল্প কাজ শুরু করা না গেলে মোটা অঙ্কের অর্থ ফেরত যাওয়ার শঙ্কা রয়েছে।’ তাঁর ভাষ্য, ‘ভৌগোলিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বর্তমান নগর ভবনের স্থানেই আধুনিক ভবন করার পক্ষে মন্ত্রণালয়ের প্রতিনিধির কাছে সবাই মতামত দিয়েছেন।’
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬