
রাজধানীতে আজ মঙ্গলবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। আকাশে মেঘও ছিল। তবে কিছুক্ষণ পরই আকাশে রোদের ঝিলিক। আবহাওয়া অফিস বলছে, ঢাকার আকাশ আজ এমন রোদেলাই থাকবে।
সকাল সাড়ে আটটার দিকে যখন এ প্রতিবেদন লেখা হচ্ছিল, তখনো কোথাও কোথাও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। আজ দেশের তিন বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের একটা বড় অংশে আজ প্রচণ্ড গরম থাকতে পারে।
আজ রংপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ঢাকা বিভাগের পূর্বাংশে বৃষ্টি হতে পারে। এই পূর্ব দিক বলতে নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা ধরা হয়েছে বলে জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, রাজধানীতে দিনের অন্য সময় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
আজ খুলনা, রাজশাহী বিভাগের অনেক স্থানই বৃষ্টিহীন থাকতে পারে। গরম বাড়তে পারে এসব এলাকায়। তবে রাজশাহীর বগুড়া ও নওগাঁ জেলার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ সকালে রাজধানীতে যে বৃষ্টি হয়েছে, তা সামান্য। আর তিন ঘণ্টায় সিলেটে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রাজধানীতে এই হঠাৎ বৃষ্টি আবার রোদ নিয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, এখন যে সময়, তার বৈশিষ্ট্যই এমন। হঠাৎ করেই মেঘ হতে পারে আবার সেই সঙ্গে বৃষ্টি। তারপরই মেঘ উধাও হয়ে গরম বাড়তে পারে।
দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। আবার সক্রিয় আছে পশ্চিমা লঘুচাপ। এ দুইয়ের একটা ‘দ্বন্দ্ব’ এখন প্রকৃতিতে। এর প্রভাবেই হঠাৎ বৃষ্টি এবং রোদের এই খেলা। এর সঙ্গে আছে ভ্যাপসা গরম। বৃষ্টিতে প্রকৃতিতে যে শীতল ভাব আসে, তা বেশিক্ষণ স্থায়ী হয় না।
এবার মৌসুমি বায়ু এসেছে নির্দিষ্ট সময়ের অন্তত এক সপ্তাহ পর। এই দেরিতে আসা বায়ু দেশজুড়ে ছড়াতেও সময় লাগতে পারে। মৌসুমি বায়ু দেশের পুরো অঞ্চলে বিস্তৃত হতে এ মাসের অর্ধেক সময় পার হয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা। দেশে সবচেয়ে বেশি বৃষ্টি ঝরায় এই বায়ু।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬