কমার পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
কমার পর দেশের বাজারে আজ বুধবার (৩ জুন) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ মিলছে দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা। এর আগে গতকাল মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে স্বর্ণের এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯২ হাজার ১৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
গত সোমবার (১ জুন) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
