
Published : 01 Jun 2026,
বৃষ্টির দেখা মিলেছিল ঈদুল আজহার আগে। এরপর থেকে জ্যৈষ্ঠের খরতাপে হাঁসফাঁস করছে মানুষ। এই পরিস্থিতিতে গরম কমার তেমন কোনো আভাস আবহাওয়া অধিদপ্তর দেয়নি।
বরং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সোমবার বলেন, ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহ চলমান থাকবে।
এছাড়া চট্টগ্রাম এবং সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জানিয়ে তিনি বলেন, “বর্তমানে নরসিংদীতে বৃষ্টি হচ্ছে যেটা ঢাকায়ও আসতে পারে।”
সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া, ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এদিন ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস; এছাড়া এই সময়ে ঢাকায় ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
থার্মোমিটারের পারদ চড়তে চড়তে যদি ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন।
উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অফিস।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬