ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এতে কমপক্ষে ১০ জন আহতের খবর পাওয়া গেছে। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার সীমান্তবর্তী এলাকা সোয়াদি ও ঝাটুরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাসান উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী আল বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, ঈদ যাত্রায় ফেরার পথে কিছুসংখ্যক যাত্রী নিয়ে আল বোরাক পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ গুরুতর আহত হননি।
