পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার (১ জুন) খুলবে অফিস-আদালত।
সোমবার সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে কর্মজীবী মানুষ ঢাকায় ইতোমধ্যে আসা শুরু করেছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে আজও ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেকে।
গত ২৫ মে থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আগামীকাল রোববার (৩১ মে)। সারা দেশে গত বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই ৬ দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি চাকরিজীবীরা এই ছুটি ভোগ করেন। তবে, ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস করেছেন চাকরিজীবীরা।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন ও পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি ভোগ করেন চাকরিজীবীরা।
আগের অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা এবং এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর, গত ২৪ মে সাত দিন ছুটি ও দুদিন অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে টানা ৭ দিনের ছুটি পেয়ে যান চাকরিজীবীরা। টানা ছুটি শেষে আগামী সোমবার আবার নিয়মিত অফিস কার্যক্রম শুরু হচ্ছে।
