এক টিকিটে দুই সিনেমা দেখার সুযোগ দিচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি। শুরুতেই মুক্তি পেয়েছে গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আলোচনায় থাকা দুই সিনেমা এবং । এখন দর্শকরা ঘরে বসেই সিনেমা দুটি উপভোগ করতে পারছেন।
প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি জানান, ৮৫ টাকার একটি টিকিটে একসঙ্গে দুইটি সিনেমা দেখার সুযোগ মিলছে। তার ভাষায়, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ওয়েবসাইটে প্রবেশ করে দর্শকরা সিনেমা দেখতে পারছেন। প্রথম দিন থেকেই দর্শকদের সাড়া পাওয়া গেছে বলেও তিনি জানান। ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এখন উৎসবের পাশাপাশি বায়োস্কোন প্লাসেও দেখা যাচ্ছে।
শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ড। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হলেও ডিসিপি ও সার্ভার জটিলতায় অনেক হলে সঠিকভাবে প্রদর্শন সম্ভব হয়নি। পরে ওটিটির জন্য সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্সে সংশোধন এনে আরও উন্নত সংস্করণ উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
অন্যদিকে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ ইতোমধ্যেই অ্যাকশনপ্রেমী দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। নির্মাতার দাবি, সিনেমাটি ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ। সিনেমাটিতে সিয়াম আহমেদকে দেখা গেছে সম্পূর্ণ অ্যাকশনধর্মী চরিত্রে, তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে অভিনয় করেছেন। একটি বিশেষ গানে দেখা গেছে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
প্রাথমিকভাবে দর্শকরা সাবস্ক্রিপশনের মাধ্যমে ওয়েবসাইটে সিনেমা দুটি দেখতে পারছেন। মাসিক প্যাকেজ ৯৯ টাকা, তিন মাসের ২৩৯ টাকা এবং বার্ষিক ৪২৯ টাকায় শতাধিক কনটেন্ট উপভোগের সুযোগ রয়েছে। খুব শিগগিরই গুগল প্লে স্টোরে অ্যাপ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভি, অ্যাপল টিভি ও অন্যান্য স্মার্ট ডিভাইসেও সেবা চালুর কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

