আগামী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের এই পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের তিনটি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহের মিশ্র আবহাওয়া বিরাজ করছে।
প্রথম ও দ্বিতীয় দিন (২০ ও ২১ মে) : আজ ও আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বর্তমানে নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই দুই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে।
তৃতীয় দিন (২২ মে) : রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তর ও পূর্বাঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস অপরিবর্তিত থাকবে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চতুর্থ ও পঞ্চম দিন (২৩ ও ২৪মে) : রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ মে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও ২৪ মে থেকে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ১২০ ঘণ্টার নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর পরবর্তী ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।
