বাড়ছে মার্কিন ডলারের দাম, স্বর্ণের বাজারে বড় ধস
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তির ইতিবাচক আবহাওয়া তৈরি হলেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন ঠেকানো যাচ্ছে না। মার্কিন ট্রেজারি ইল্ড (বন্ডের মুনাফা) বৃদ্ধি ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে আজ বুধবার (২০ মে) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে প্রায় দেড় মাসের সর্বনিম্ন স্তরের কাছাকাছি থিতু হয়েছে।
আন্তর্জাতিক বাজার সূত্রে জানা গেছে, আজ গ্রিনিচ মান সময় ৭টা ৪৪টা (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৪ মিনিট) পর্যন্ত স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৪ হাজার ৪৮১ দশমকি ৪৮ ডলারে অবস্থান করছে। লেনদেনের শুরুর দিকে এটি গত ৩০ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। অন্যদিকে, আগামী জুন মাসে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৩ দশমিক ৭০ ডলারে বেচাকেনা হচ্ছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, বন্ডের ঊর্ধ্বমুখী মুনাফা এবং সুদের হারের কঠোর পূর্বাভাসের কারণে মার্কিন ডলারের বাজারে যে গতি ফিরে এসেছে, তার বিপরীতে স্বর্ণের বাজার কিছুটা দম হারিয়ে ফেলছে। বর্তমানে মার্কিন ডলারের সূচক গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে, যার ফলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলার-মূল্যবান এই মূল্যবান ধাতুটি কেনা বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে। পাশাপাশি বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে থাকায় সুদমুক্ত সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার আগ্রহ কমছে বিনিয়োগকারীদের।
এদিকে ইরানের বিষয়ে ওয়াশিংটনের বার্তা এখনো মিশ্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, দুই পক্ষই আলোচনার টেবিলে অগ্রগতি করছে এবং কেউ নতুন করে সংঘাতে জড়াতে চায় না। তবে এর বিপরীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে ওয়াশিংটন এখনও তেহরানে সামরিক হামলা চালাতে পারে।
অন্যদিকে ফিলাডেলফিয়া ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অ্যানা পলসন এক বিবৃতিতে বলেছেন, বর্তমান সুদের হার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য আপাতত উপযুক্ত। তবে বিনিয়োগকারীরা যদি সুদের হার আরও বাড়ানোর পরিস্থিতি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেন, তবে তা অর্থনীতির জন্য ‘ইতিবাচক’ হবে। রয়টার্সের সাম্প্রতিক এক জরিপে বেশিরভাগ অর্থনীতিবিদ আভাস দিয়েছেন, তীব্র মুদ্রাস্ফীতির কারণে ফেডারেল রিজার্ভ চলতি বছরে সুদের হার কমানোর নীতি থেকে সরে আসতে পারে এবং এই প্রক্রিয়া ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে।
সার্বিক পরিস্থিতিতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতির ভবিষ্যৎ গতিপথ বুঝতে বিনিয়োগকারীরা এখন আজ রাতে প্রকাশ হতে যাওয়া ফেডারেল রিজার্ভের এপ্রিল মাসের নীতি নির্ধারণী সভার কার্যবিবরণীর দিকে গভীর নজর রাখছেন।
স্বর্ণের বাজারে মন্দাভাব থাকলেও আজ বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দাম কিছুটা বেড়েছে। স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৯৩৪ দশমিক ৮০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৭৮. দশমিক ২৫ ডলারে কেনাবেচা হচ্ছে।
