রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ রোববার (৫ মে) বিশ্বে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শহরটি।
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টায় ঢাকার একিউআই স্কোর ছিল ১৬৫। বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ২০৭ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে পকিস্তানের লাহোর। ১৫৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। সমান ১৫৪ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তার অবস্থান চতুর্থ এবং ১৪৯ স্কোর নিয়ে আফগানিস্তানের কাবুলের অবস্থান পঞ্চম।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

