পাকিস্তানে আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ হয়েছে। বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা সংস্থা জানিয়েছে, আগামী ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ গতকাল শনিবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশেষজ্ঞদের তথ্যমতে, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাতে ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।
যদি ১৭ মে চাঁদ দেখা যায়, তবে ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হবে এবং ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
তবে ১৭ মে যদি নতুন চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ পূর্ণ হবে। এই হিসাবে ১৯ মে হবে জিলহজ মাসের প্রথম দিন এবং ঈদুল আজহা পিছিয়ে ২৮ মে উদযাপিত হবে।
পাকিস্তানে ঈদের তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রুয়েত-এ-হিলাল কমিটি। এর আগে, রুয়েত-এ-হিলাল গবেষণা পরিষদ পূর্বাভাস দিয়েছিল, ২৭ মে ঈদুল আযহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি বলেন, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত দেখাচ্ছে যে, ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

