Logo
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৮:২৫ পি.এম

তৈরি পোশাকে উৎসে কর কমানোসহ নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

জাতীয়

তৈরি পোশাকে উৎসে কর কমানোসহ নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

 

শাপলানিউজ.কম

২৬ এপ্রিল ২০২৬

পোশাক শিল্পের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে উৎসে কর কমানোসহ নগদ সহায়তায় কর অব্যাহতি দাবি করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান একগুচ্ছ দাবি তুলে ধরেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ, বিটিএমএ, বিজিএপিএমইএ ও বিজিবিএর শীর্ষ নেতারা।

তৈরি পোশাক খাত এখন সংকটময় সময় পার করছে জানিয়ে মাহমুদ হাসান খান বলেন, গত তিন বছরে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এ ছাড়া অনেক কারখানা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণতে রয়েছে। এমন অবস্থায় আগামী বাজেটে এ খাতের উন্নয়নে সরকারের কাছে নীতি সহায়তা প্রয়োজন।

দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন বেশ চ্যালেঞ্জের মুখোমুখিতে তৈরি পোশাক খাত জানিয়ে বিজিএমইএর সভাপতি আরও বলেন, পোশাক কারখানাগুলো পরিমিত সক্ষমতায় এখন চলতে পারছে না। ফলে ফিক্সড কস্ট আনুপাতিক হারে বেড়েছে। এসব কারণে পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধিতে নগদ সহায়তার ওপর ১০ শতাংশ হারে আয়কর কর্তন অব্যাহতি, রপ্তানির বিপরীতে উৎসে কর শূন্য দশমিক ৬৫ শতাংশ করা দাবি তুলে ধরেন।

এ ছাড়া পাঁচ বছরের জন্য নির্ধারণ করা এবং সাব-কন্ট্রাক্ট প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক চুক্তির মূল্য পরিশোধের সময় পাঁচ শতাংশ উৎসে আয়কর কর্তন হতে অব্যাহতির দাবি করে বিজিএমইএ। এ ছাড়া সোলার পিভি সিস্টেমের কাঁচামালে শুল্ক সুবিধা দেওয়া, ইটিপিসহ একাধিক কাঁচামালে শুল্ক সুবিধা দাবি করেছে সংগঠনটি।

এনবিআর বিজিএমইএ জাতীয় রাজস্ব বোর্ড


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

Copyright © 2026 Shapla News. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন