Logo
প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৮:৩১ পি.এম

১ কোটি মানুষের বৈদেশিক কর্মসংস্থানের পরিকল্পনা সরকারের : প্রতিমন্ত্রী নুর

জাতীয়

১ কোটি মানুষের বৈদেশিক কর্মসংস্থানের পরিকল্পনা সরকারের : প্রতিমন্ত্রী নুর

 

শাপলানিউজ.কম
২০ এপ্রিল ২০২৬

নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংসদ অধিবেশনে গাইবান্ধা-১ আসনের বিরোধী দলের (জামায়াত) সদস্য মো. মাজেদুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। অসুস্থ থাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে তিনি এই উত্তর দেন।

প্রতিমন্ত্রী জানান, এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য পূরণে সরকার ইতিমধ্যে ১৮০ দিনের (৬ মাস) একটি স্বল্পমেয়াদী রোডম্যাপ তৈরি করেছে। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে পাঁচ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সংসদে প্রতিমন্ত্রী বলেন, দুর্ভাগ্যবশত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে আমাদের শ্রমবাজারের সবচেয়ে বড় অংশ মধ্যপ্রাচ্য সংকুচিত হয়ে আসছে। তবে সংকট মোকাবিলায় নতুন বাজার খোঁজা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের জন্য দ্বিতীয় বড় শ্রমবাজার মালয়েশিয়া দীর্ঘদিন বন্ধ থাকলেও সম্প্রতি আমাদের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সফরের ফলে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি খুব দ্রুতই এই বাজারটি উন্মুক্ত হবে। এছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়াতেও নতুন সম্ভাবনা নিয়ে আমরা কাজ করছি।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলোর সুফল আগামী ছয় মাসের মধ্যেই দৃশ্যমান হবে।

নুরুল হক নুর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন