শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সারের উৎপাদন ঘাটতি মেটাতে সাত লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রোবাবর (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
শিল্পমন্ত্রী জানান, বিশ্বে চলমান বিভিন্ন যুদ্ধের প্রেক্ষাপটে সবগুলো ইউরিয়া সার কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে বর্তমানে কেবল ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কম্পানি উৎপাদনে রয়েছে। এই ঘাটতি মোকাবিলায় সরকার সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন-সাবিক (এসএবিআইসি) থেকে দুই লাখ মেট্রিক টন এবং সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে এক লাখ মেট্রিক টন ইউরিয়া আমদানির প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে আরও চার লাখ মেট্রিক টন সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, টিএসপি ও ডিএপি সার কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে কাঁচামাল হিসেবে রক ফসফেট, ফসফরিক এসিড ও সালফার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এজন্য টেন্ডারের পাশাপাশি উৎপাদনকারী দেশ মরক্কো, জর্দান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, চীন ও মালয়েশিয়া হতে জিটুজি চুক্তির মাধ্যমে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
