Logo
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৮:১৮ পি.এম

মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণের শব্দ

জাতীয়

মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণের শব্দ

 

শাপলানিউজ.কম
১৫ মার্চ ২০২৬
facebook sharing button

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে আবারও কেঁপে উঠেছে মধ্য ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৫ মার্চ) সমগ্র অঞ্চলজুড়ে বিমান হামলার সাইরেন বাজার পরপরই বেশ কয়েকটি ‘বিকট বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে। খবর আল জাজিরার।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, হামলার সময় দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টাকালে চারজন ইসরায়েলি আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে থাকার খবর পাওয়া গেছে।

তবে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড কিছুক্ষণ আগে জানিয়েছে, এই দফার হামলাটি আপাতত শেষ হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলও ইরানের অভ্যন্তরে তাদের আক্রমণ জোরদার করেছে। ইরানের কেন্দ্রীয় ইসফাহান প্রদেশের একাধিক স্থানে চালানো নতুন ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, উপসাগরীয় তেলের ওপর নির্ভরশীল মিত্র দেশগুলোর উচিত হরমুজ প্রণালি সচল রাখতে সরাসরি সহায়তা করা।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরীয় অঞ্চলের সাধারণ মানুষকে তেল বন্দরের কাছাকাছি এলাকাগুলো দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক কড়া বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন, যদি তেহরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়, তবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন কোম্পানিগুলোর ওপর ভয়াবহ হামলা চালানো হবে।

অন্যদিকে, ইরান ও লেবানন থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সবশেষ ইলাত বন্দরে রকেটের টুকরো পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ ক্ষেপণাস্ত্র হামলা বিস্ফোরণ


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন