Logo
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১১:৪৪ পি.এম

‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ছড়াপাঠ

জাতীয়

‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ছড়াপাঠ

শাপলানিউজ.কম
১৩ মার্চ ২০২৬
facebook sharing button

লেখক ও সাংবাদিক আবিদ আজমের সম্পাদনায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ শীর্ষক সংকলন। দেশের তিন শতাধিক ছড়াকারের ছড়া নিয়ে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন ও ছড়াপাঠ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে।

অনুষ্ঠানে গ্রন্থভুক্ত বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল তরুণ ছড়াশিল্পীরা জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক ছড়া পাঠে অংশ নেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন সংকলনটির প্রধান সম্পাদক ও বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, কবি শাহাবুদ্দীন নাগরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম আহমেদ, কবি জাকির আবু জাফর, জাতিসংঘের সিভিল সোসাইটি প্রতিনিধি ড. আবুল কাশেম শেখ, ছড়াকার সৈয়দ আল ফারুক এবং কবি হাসান আলীম।

আরও উপস্থিত ছিলেন গ্রন্থের সম্পাদক আবিদ আজম এবং সহযোগী সম্পাদক ‘হাদি জিন্দাবাদ’খ্যাত ছড়াকবি জিয়া হক।

অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম বলেন, রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা ও গণঅভ্যুত্থানে মানুষকে উৎসাহিত করতে ছড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেওয়ালে দেওয়ালে লেখা অসংখ্য ছড়া পরে স্লোগানের মতো মানুষের মুখে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও অভ্যুত্থানের মূল্যবোধকে ধারণ করায় এই সংকলনটি ঐতিহাসিক দলিল হিসেবে থেকে যাবে।

জাতিসংঘের সিভিল সোসাইটি প্রতিনিধি ড. আবুল কাশেম শেখ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ সংকলনটি এ দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।

গ্রন্থের সম্পাদক ছড়াকবি আবিদ আজম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং সময়ের রাজনৈতিক-সামাজিক বাস্তবতাকে ছড়ার ভাষায় ধারণ করতেই এই সংকলন প্রকাশ করা হয়েছে। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া প্রায় চার হাজার ছড়ার মধ্য থেকে বাছাই করে সংকলনের ছড়াগুলো নির্বাচন করা হয়েছে বলেও জানান তিনি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংকলনটি নিয়ে প্রবন্ধ পাঠ করেন কবি শামস আরেফিন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই শুধু মিছিলের ইতিহাস নয়; রক্ত, কান্না ও আত্মত্যাগের পাশাপাশি কবিতা ও ছড়ায়ও সেই ইতিহাস রচিত হয়েছে। প্রতিটি শহীদের রক্ত আমাদের কাঁধে দায়বদ্ধতার ভার রেখে গেছে এবং সংকলনের প্রতিটি ছড়া সেই দায়বদ্ধতার শিল্পরূপ।

৩৬০ পৃষ্ঠার এই গ্রন্থে তিন শতাধিক ছড়াকারের লেখা স্থান পেয়েছে। সংকলনে অগ্রজ ও তরুণ ছড়াকারদের মধ্যে রয়েছেন আবু সালেহ, রেজাউদ্দিন স্টালিন, ফারুক হোসেন, আবদুল হাই শিকদার, শাহীন রেজা, হাসান হাফিজ, এনায়েত রসুল, মাহমুদউল্লাহ, জাহাঙ্গীর ফিরোজ, শাহাবুদ্দীন নাগরী, জুলফিকার শাহাদাত, টোকন ঠাকুর, জগলুল হায়দার, নয়ন আহমেদ, আল হাফিজ, শান্তা মারিয়া, আতিক হেলাল, আমির খসরু সেলিম, আরিফ বখতিয়ার, সৈয়দ আহসান কবীর, আহমদ সাইফ, আহমাদ স্বাধীন, এমরান কবির, কামাল হোসাইন খান, জব্বার আল নাঈম, পলিয়ার ওয়াহিদ, মঈন মুনতাসীর, মামুন সারওয়ার, মনসুর আজিজ, মুহিম মাহফুজ, রবিউল কমল, রহমান মল্লিক, শিকদার মোস্তফা, শাকিল মাহমুদ, সাম্য শাহ, সুমন রায়হানসহ আরও অনেক ছড়াকার ও কবি।

গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন দেবাশিস চক্রবর্তী এবং অলংকরণ করেছেন আনিসুজ্জামান সোহেল। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।

জুলাই গণঅভ্যুত্থান মোড়ক উন্মোচন বই


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

Copyright © 2026 Shapla News. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন