‘জুলাই সনদ বাস্তবায়ন করব, শহীদদের হারিয়ে যেতে দেব না’
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফায় প্রথমে জুলাই সনদের বিষয়টি ছিল না। কিন্তু দেশের দলমত সবাই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চায় না। আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না। তাই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এ ছাড়া জুলাই সনদের বেশিরভাগ বিষয়বস্তু আমাদের ৩১ দফার মধ্যে রয়েছে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তারা যেন হারিয়ে না যায়, সেজন্য তাদের নামে নিজস্ব এলাকায় রাস্তা, ব্রিজ প্রতিষ্ঠান নির্মাণ করা হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, আজ থেকে ৪৭ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিএনপি তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়নি।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে পুনর্গঠন করা হবে। এসব কিছু নিয়েই আমি বলেছিলাম—আই হ্যাভ অ্যা প্ল্যান।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়।
জাতীয়